নাজিরহাটে মহাসড়কে দাঁড়ানো ট্রাক কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে উজ্জ্বল শীল (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট নতুন ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে এতে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে উজ্জ্বল শীলের মৃত্যু হয়।

নিহত উজ্জ্বল শীল নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমামনগর শীল বাড়ির বাসিন্দা বিভূতি শীলের ছেলে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও যত্রতত্র ট্রাক পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নাজিরহাট নতুন রাস্তার মাথাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক দাঁড় করিয়ে রাখায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে ডিভাইডার স্থাপন এবং অবৈধ পার্কিং বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন জানান, অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top