চাটগাঁ নিউজ ডেস্ক : প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা একটি কনটেইনারে পাওয়া গেছে প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকা চালাটিতে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা ধরা পড়েছে।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে চালানটি আটক করে।
এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি করা চালানটি বিশেষ নজরদারিতে রাখা হয়। গত ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানে পণ্য হিসেবে প্রিন্টিং মেশিন ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৫ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তাদের সমন্বয়ে চালানটি পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে ঘোষিত পণ্যের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। তবে ঘোষিত কোন প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষায় ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া গেছে। এসব স্ট্যাম্প মূলত নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। এসব জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা ছিল। এছাড়া, চালানটিতে পাওয়া প্রসাধনী সামগ্রীর বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






