জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সোমবার বসছে চতুর্থ অধিবেশন

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। এ উপলক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত সদস্যরা এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া তাঁকে জানান, আগামীকাল সোমবার বেলা সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদে প্রায় ছয় মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। অন্য সময়ে চাহিদা আরও কম। ফলে সংসদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন। বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট প্রকল্প ও জাতীয় সংসদে শূন্যপদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top