আইআইইউসির শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুসফিরাত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক মো. রিয়াজ উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃত রিয়াজ নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার বাটিরটেক গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে দুর্ঘটনায় জড়িত লরি চালক মো. রিয়াজকে গ্রেফতার করে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সন্নিকটে লরীর ধাক্কায় একটি মিনিবাস উল্টে গেলে এতে চাপা পড়ে আইআইইউসির শিক্ষার্থী মাইশা নিহত হন। এই ঘটনার পর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। পরবর্তীতে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুর ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম এর আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লরি চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাটগাঁ নিউজ/দুলু/এসএ

Scroll to Top