ক্রীড়া ডেস্ক: হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে শঙ্কা তৈরি হয়েছিল সৌদি আরবে এশিয়ান কাপ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার আশঙ্কায় ২০২৭ সালের এশিয়ান কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর, চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।
আগের সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। তবে নতুন তারিখ চূড়ান্ত করতে ফিফার অনুমোদন প্রয়োজন হবে। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।
প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের পাঁচটিই রিয়াদে। ফাইনালসহ মোট ৫১ ম্যাচের মধ্যে ৩০টি আয়োজনের কথা ছিল এই শহরে।
তবে সাম্প্রতিক সংঘাতের কারণে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এসেছে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক ব্যবস্থাপনা ও ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এএফসি আরও জানায়, বর্তমান পরিস্থিতি নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই সব পক্ষের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পেছানো জরুরি হয়ে পড়েছে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও এশিয়ান কাপ আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন এএফসি সভাপতি শেখ সালমান। গত মাসেও তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই অবস্থান থেকে সরে এল এএফসি।
চাটগাঁ নিউজ/জেএইচ






