চাটগাঁ নিউজ ডেস্ক: বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দিতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গৃহকর নির্ধারণ নিয়ে আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে।
আগের বছরের বকেয়াসহ ২০২৬-২৭ অর্থবছরে বন্দরের কাছে চসিক পাবে ২৫৫ কোটি টাকা।
সোমবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত আপিল শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। চসিকের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চসিক গৃহকর নির্ধারণের জন্য বন্দরের অ্যাসেস ভ্যালু বা মূল্যায়িত সম্পত্তির মূল্য ১ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করেছিল। এর ভিত্তিতে বার্ষিক গৃহকর আসে ২৬৪ কোটি টাকা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে চসিকের কাছে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। তবে করপোরেশনের শুনানিতে গৃহকর কমানো হয়নি।
নিয়ম অনুযায়ী, নির্ধারিত করের ৭০ শতাংশ জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী ১৯৮ কোটি টাকা জমা দিয়ে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে ১৫ শতাংশ কর রহিত করা হয়। এতে বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয়েছে ২২৪ কোটি টাকা।
একেএম সালাহউদ্দিন আরও জানান, আগে চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশন বছরে ৪৫ কোটি টাকা গৃহকর পেত। সারচার্জ বাদ দিলে প্রকৃত গৃহকর আদায়ের পরিমাণ ছিল ৩৫ কোটি টাকা।
এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা এখনো চূড়ান্ত রায়ের বিস্তারিত পাননি। তাই এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
চাটগাঁ নিউজ/জেএইচ






