চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন প্রকাশ বিহারি বগাসহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন— বগার ভাই রকি হোসেন পিচ্ছি, কালা হাসান ও মনির হোসেন ইমন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ১২ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।’
এর আগে গত ৬ অক্টোবর বগা ও তার ৩৬ অনুসারীর বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে মামলা করা হয়। মামলায় বাদীর সঙ্গে ঘটে যাওয়া পাঁচটি পৃথক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিলের ঘটনাও রয়েছে।
তারও আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী সেভেন স্টার ও ফাইভ স্টার নামের দুটি কিশোর গ্যাংয়ের বিরোধে হৃদয় নামে এক সদস্য নিহত হন। ওই ঘটনায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে তাদের স্বীকারোক্তিতে বগার নাম আসে। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হৃদয় হত্যা মামলায় বগাকে মাস্টারমাইন্ড হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
পরে ৮ অক্টোবর বগা নগর ভবনে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সিএমপির উত্তর বিভাগের উপকমিশনারের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।
গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলায় জামিনের আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন বগা। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন থেকেই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের আগে বগার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল। পরে পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






