চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ধরা ৩০১ বস্তা ইউরিয়া সার!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার জব্ধ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে ২টি ট্রাক ভর্তি সারগুলো জব্ধ করা হয়।

জব্ধ করা সারের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। সারগুলো মিয়ানমারে পাচারের জন্য নেয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমানের নের্তৃত্বে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের চল্লিশ গেইট এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পানিতে ঝাঁপ দেয় চোরাকারবারীরা। পরে দুই ট্রাক ভর্তি ৩০১ বস্তা ইউরিয়া সার জব্ধ করা হয়। জব্ধ করা সারের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পুলিশ পৌছানোর পূর্বে এক তৃতীয়াংশ পাচার করে ফেলা হয়েছে। আমরা মূল পাচারকারী পর্যন্ত পৌছানোর চেষ্ঠা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তদন্তের জন্য আটককৃত আট জনের নাম প্রকাশ করা যাচ্ছে না।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top