ফটিকছড়িতে সড়ক উন্নয়নে কাটা হলো দেড়শ বছরের বটগাছ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো–ফুলছড়ি ও পূর্ব সোনাই এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য কেটে ফেলা হয়েছে প্রায় ১৫০ বছরের পুরোনো বটগাছ। যা এলাকায় ‘চেগাইয়া বটগাছ নামে পরিচিত। গাছটি প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষের স্মৃতি, আবেগ ও এলাকার পরিচিতির সঙ্গে জড়িয়ে ছিল।

বারইয়ারহাট–হেঁয়াকো–রামগড় সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যমান ১৮ ফুট প্রশস্ত সড়কটি ৩৮ ফুটে উন্নীত করা হচ্ছে। প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের লক্ষ্য যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং পণ্য পরিবহনে সময় কমানো।

স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, গাছটির দুই পাশ দিয়ে কিংবা পেছনের জায়গা ব্যবহার করে সড়ক সম্প্রসারণের বিকল্প বিবেচনা করা গেলে ঐতিহ্যবাহী গাছটি রক্ষা করা সম্ভব হতো। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাছটির পেছনে টিলাপাহাড়ি জায়গা এবং সামনে মসজিদ থাকায় সড়ক সম্প্রসারণের স্বার্থে এটি কাটতে হয়েছে বলে তিনি জানান।

উন্নত যোগাযোগব্যবস্থার জন্য সড়ক সম্প্রসারণ জরুরি হলেও প্রাচীন বৃক্ষ ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের পাশাপাশি বিকল্প পরিকল্পনার মাধ্যমে ঐতিহাসিক রক্ষা করা গেলে এলাকার ঐতিহ্য যেমন রক্ষা পেত, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারত স্থানটির নামকরণের ইতিহাস।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top