অগ্নিকাণ্ডের ১০ দিন পর উদ্ধার নিখোঁজ মুক্তার মরদেহ 
ইনানীর টুপটুপ রিসোর্ট

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ১০ জনের মরদেহ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় তাঁদের পরিচয় শনাক্ত হলেও মুক্তার ডিএনএর সঙ্গে কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। এ কারণে তাঁকে খুঁজতে নতুন করে যৌথ তল্লাশি শুরু করেছিল পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নিখোঁজ মুক্তার সন্ধানে উখিয়া থানা পুলিশের একটি দল টুপটুপ রিসোর্টে তল্লাশি চালায়। এ সময় রিসোর্টের বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে টিনের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়৷

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর প্রথমে ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে নিখোঁজের তালিকায় ১১ জন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া ১০টি মরদেহের পরিচয় শনাক্ত করে মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে কোনো মরদেহের নমুনার মিল না পাওয়ায় তাঁর সন্ধানে নতুন করে অনুসন্ধান পরিচালনা করে মরদেহ উদ্ধার করা হয়৷

নাসরিন আক্তার মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় অবস্থিত স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তাঁর স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার উদ্ধার করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। পরে মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top