বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: সভাপতি নাছিরুল, সা. সম্পাদক জাকির 

বান্দরবান প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বান্দরবান প্রেসক্লাব (দ্বি-বার্ষিক) নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির জয়লাভ করেছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাব হল রুমে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন অফিসার রাসেল দে স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

ফলাফল বিবরণী সুত্রে জানা যায়, সভাপতি পদে মোট ৩৮ ভোটের মধ্যে ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাছিরুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট।

সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ হাকিম চৌধুরী ৭ ভোট, মিনারুল হক ৮ ভোট এবং মো. হোসাইন সম্রাট ৪ ভোট লাভ করেছেন।

সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৩৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এন এ জাকির। তাঁর প্রতিদ্বন্দ্বী টিংশৈফ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন রিজভী রাহাত। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ইসহাক। তাঁর প্রতিদ্বন্দ্বী কৌশিক দাশ শুভ পেয়েছেন ৭ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন অফিসার রাসেল দে জানায়, বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ জন। যার মধ্যে মোট ৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কোন ভোট বাতিল হয়নি।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top