রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই!
তদন্তে পুলিশ

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ওই ব্যাগে জমি রেজিস্ট্রির জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট ও গশ্চি মোহাম্মদ জামা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগে দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. তানভীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরপূর্বে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও টাকা উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্য কেনা জমি রেজিস্ট্রি করতে রাউজান ভূমি রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিজার্ভ ভাড়ায় নেওয়া অটোরিকশাটির গতিরোধ করে তিন যুবক অস্ত্রের মুখে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

ভুক্তভোগীর সন্তান মো. আরিফ জানান, তাদের কেনা জমি মঙ্গলবার রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য বিভিন্ন সময়ে দুটি ব্যাংক থেকে ৩ লাখ ও ৭ লাখ টাকা তোলা হয়। এর আগে আরও ১০ লাখ টাকা তোলা হয়েছিল। বাড়িতে থাকা টাকা মিলিয়ে জমি রেজিস্ট্রির জন্য প্রায় ২৭ লাখ টাকা নিয়ে তারা রওনা হন। তার মায়ের ব্যাগে ২৫ লাখ টাকা ও কিছু খুচরা টাকা ছিল। বাকি ২ লাখ টাকা ছিল অন্য একটি বাজারের থলেতে।

তিনি আরও জানান- তার মা জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট মসজিদের ইমাম তাজু আহমেদ এবং তাদের বড় আব্বুর শ্যালক মো. জাফর অটোরিকশায় ছিলেন। জাফর গাড়িটি চালাচ্ছিলেন। আরিফ আরও কিছু টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে তাদের আগে রমজান আলী চৌধুরী হাটে তার বোনের শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর অন্য একটি নম্বর থেকে তার মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ছিনতাইয়ের বিষয়টি জানতে পারেন।

মায়ের বরাত দিয়ে আরিফ বলেন, সড়কের বাঁকে তিন যুবক অটোরিকশাটির সামনে এসে অস্ত্র তাক করে গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তার মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। আরিফের দাবি, এরপূর্বে তিনি মোটরসাইকেল যোগে বোনের বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে সড়কের পাশে তিনটি মোটরসাইকেলসহ পাঁচজনকে দাঁড়িয়ে ধূমপান করতে দেখেছিলেন।

তার ধারণা, তাদের কাছে টাকা থাকার তথ্য জেনেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

অটোরিকশাচালক মো. জাফর বলেন, সড়কের বাঁকে হঠাৎ তিন যুবক গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামাতে বলে। এ সময় তারা তার মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। অস্ত্র তাক করলে তিনি ফোন ছেড়ে দেন। পরে ওই যুবকেরা নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করে। সামশুন নাহার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে টেনেহিঁচড়ে সেটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

এদিকে, এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ

Scroll to Top