চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সেটিতে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যানের পেছনে সিটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলামকে (৩৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
অন্যদিকে, একইদিন রাত ১২টার পালংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্তের কাছ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা তিনজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






