চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। নগরের আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহ আমানতে অবতরণ করে। এর আগে রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

শাহ আমানতে বিমানটি অবতরণের বিষয় নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংসদ সদস্যরা।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে জেএম সেন হলের আশপাশের সড়কে, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সামনে, লালখানবাজার মোড়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। সড়কে রঙিন আলোর ফোয়ারা, সবুজের সমারোহ মিলে চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, জে এম সেন হলের পূজায় প্রথমবার কোনো প্রধানমন্ত্রী আসছেন। এ খবরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাঁরা।

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি।

সফর ও দুর্গাপূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্সের ব্যবস্থা রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top