চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের সদরঘাট থানা পুলিশের অভিযানে কথিত কিশোর গ্যাং লিডার ‘নুরু বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ব্যবহৃত একটি ধারালো রামদা ও একটি টিপছোরা জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাগর (২৫), মো. শরীফ (২২) ও মো. সজীবের (২৫) বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী ১ নম্বর গলির মুখে অটোরিকশাচালক মো. সাখাওয়াত হোসেনকে (২৪) মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।
কিশোর গ্যাং নেতা নুরুর নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সেখানে গিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। পরে চালককে মারধর করে অটোরিকশাটি নিয়ে যায় তারা।
এ ঘটনায় অটোরিকশার মালিক আহমদ নুরের (২০) লিখিত অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪(১) ধারায় মামলা করা হয়।
একই দিন ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সদরঘাট থানার মোগলটুলি কমার্স কলেজ রোডে সৈয়দিয়া ম্যানশনের বিপরীতে মো. জাহেদ (২৭) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে নুরু বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে জাহেদকে একটি পরিত্যক্ত ঘরের কক্ষে নিয়ে চাপাতি, কিরিচ ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার ডান পায়ের পাতা, বাম পায়ের গোড়ালি ও ডান হাতের তালুতে গুরুতর জখম হয়।
এ ঘটনায় জাহেদের ভাই ইকবাল হোসেনের (৩০) করা অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধার এবং একটি রামদা ও একটি টিপছোরা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






