পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইমন ওই এলাকার মো. ইয়াকুবের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে একটি তার নিচে পড়ে যায়। পরে বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ওই তার মেরামতের কাজ করতে এলাকায় আসেন। এ সময় তাদের কাজে সহায়তা করতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার ইমনের হাতে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top