হাটহাজারীতে অভিযান: জরিমানা আদায় ৭৬ হাজার ৫০০  
বাসস্ট্যান্ড-কাচারি সড়কে উচ্ছেদ অভিযান

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি নিত্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। উভয় অভিযান থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৭৬ হাজার ৫০০ টাকা।

আজ শনিবার হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার সংশ্লিষ্ট টিম সহযোগিতা করে। অভিযানকালে বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে যানজট সৃষ্টিকারী প্রতিবন্ধকতা দূর করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ছয়টি মামলায় মোট ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে হাটহাজারীর বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার যথাযথ কাগজপত্র ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এখানেও অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

তিনি জানান, হাটহাজারী বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একইসাথে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​জনস্বার্থে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও আইনানুগ এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/শোয়াইব/জেএইচ

Scroll to Top