ফটিকছড়িতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে গহিরা-ফটিকছড়ি আঞ্চলিক সড়কের বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনুর বাড়ির মোহাম্মদ রফিকের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রায়হান ও সজিব মোটরসাইকেলযোগে আজাদী বাজার থেকে নানুপুরের দিকে যাচ্ছিলেন। পথে বখতপুর-করলিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে গুরুতর আহত হয় তারা।

স্থানীয়দের দাবি, অটোরিকশাটি উল্টো পথে ঢুকে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top