নাফ নদীতে ইয়াবা পাচারে ব্যবহার হচ্ছে ‘সাবমেরিন’!

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় নাফ নদী দিয়ে ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে আন্তর্জাতিক চোরাকারবারি চক্র। কাঠের তৈরি বিশেষ ডুবন্ত কনটেইনার বা ক্যারিয়ার ব্যবহার করে নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা নিয়ে আসছিল তারা।

বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে পরিচালিত এই ব্যবস্থা অনেকটা ‘ডুবন্ত সাবমেরিনের’ মতো। বিজিবির দাবি, এর মাধ্যমে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে টেকনাফে ৬৪ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় বিজিবির ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সোমবার রাতে পালংখালীর আঞ্জুমানপাড়ায় মনিরের ঘেরে একটি মাচাংঘরের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে টহল দলের। তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় দুজনকে আটক করা হয়। পরে ঘের ও মাচাংঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা পাচারে ব্যবহৃত বিশেষ ডুবন্ত ক্যারিয়ার উদ্ধার করা হয়। একই রাতে বালুখালীতে পৃথক অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে বিজিবি।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, কাঠের তৈরি একটি বিশেষ ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ স্টিলের তার, নয়টি কপিকল, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মোটর। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা।

সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, চোরাকারবারিরা যতই নিত্যনতুন প্রযুক্তি ও কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে মাদক পাচার সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির কড়া নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইব্রহিম/জেএইচ

Scroll to Top