চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই আন্দোলনে হত্যাসহ একাধিক মামলায় চট্টগ্রামের হাটহাজারীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল মনছুরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সদস্য। তার বিরুদ্ধে নগরের বাকলিয়া, চান্দগাঁও, হাটহাজারীসহ ৯টি থানায় মামলা রয়েছে। গত ১৮ জুন জামিনে কারাগার থেকে মুক্ত হন তিনি।
কারাগার থেকে বের হয়ে দলকে সুসংগঠিত ও এলাকায় আতঙ্ক সৃষ্টিতে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা খরচের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁচলাইশ থানা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবুল মনছুরকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, জামিনে কারাগার থেকে বের হয়ে তিনি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নানান কর্মসূচি পালন করছিলেন। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে নানান কর্মসূচি পালনের নেপথ্যেও রয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে রাতের আঁধারে তিনি বেশকিছু এলাকায় মিছিলও করেছেন। এ সংক্রান্ত বেশকিছু তথ্য-প্রমাণ হাতে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হবে।
চাটগাঁ নিউজ/এসএ






