সিভিল সার্জন কার্যালয়ে তালা: মঙ্গলবার সদর হাসপাতালে সেবা বন্ধের হুমকি!
বান্দরবানে বেতন-ভাতার দাবি

বান্দরবান প্রতিনিধি: বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও পূজার বোনাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বান্দরবান স্বাস্থ্য বিভাগ। বকেয়া বিল ফাইলে স্বাক্ষরের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন জেলা সদর হাসপাতালের কর্মকর্তা ও সেবক-সেবিকারা। একইসঙ্গে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে জেলা সদর হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ নজিরবিহীন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, সকালে প্রতিদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় বান্দরবান সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সুভাষ দাশের নেতৃত্বে একদল কর্মচারী কার্যালয়ে প্রবেশ করে নারী-পুরুষ নির্বিশেষে সব কক্ষের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার আকুতি জানালেও আন্দোলনকারীরা তাদের সাথে দূরভিসন্ধিমূলক ও অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

এমনকি ঘটনার তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর চড়াও হন আন্দোলনকারী সুভাষ দাশ।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া হিসাবরক্ষক সুভাষ দাশ সাংবাদিকদের জানান, বিগত দুই মাস ধরে তাদের বেতন-ভাতা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে বারবার ডেপুটি সিভিল সার্জনকে তাগিদ দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। সামনে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ অবস্থায় বেতন-বোনাস না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে উৎসবের আনন্দ তো দূরের কথা, চরম অনাহার ও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজকের মধ্যে বেতনের ফাইলে স্বাক্ষর করা না হলে মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের সব ধরনের জরুরি ও সাধারণ চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার চৌধুরী জানান, নতুন সিভিল সার্জনের যোগদান সংক্রান্ত প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতার কারণেই মূলত কর্মকর্তা-কর্মচারীদের বেতন আটকে রয়েছে। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top