সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত সেই গৃহবধূর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত সেই গৃহবধূর নাম চন্দনা রাণী দাশ (৩০)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার তেজেন্দ্র দাস ও বালা দাসের মেয়ে এবং কুমিরা ইউনিয়নের অজয় দাসের স্ত্রী।
এর আগে আজ শুক্রবার সকালে বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে ক্ষেত থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয় চন্দনা রাণী দাশের লাশ।
এদিকে নিহতের পিতা মাতার দাবি যৌতুকের জন্য তার স্বামী অজয় দাশ তাকে হত্যা করেছে।
তারা জানান, প্রায় এক বছর আগে কুমিরা ইউনিয়নের অজয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গোপনে বিয়ে হয় চন্দনার। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে ফিরে এসেছিলেন বলে দাবি পরিবারের।
পরে তিনি আবার স্বামীর বাড়িতে চলে যান। এর এক দিন পরই তার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনেরা।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ






