বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেল পিএইচপি

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রমের স্বীকৃতি পেয়েছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির (বিএমএলএস) মর্যাদাপূর্ণ শিপবিল্ডিং অ্যান্ড শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিএমএলএসের মনোনয়ন ও যথাযথ মূল্যায়নে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে শিপ রিসাইক্লিং ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার দ্য ওয়েস্টিনে আয়োজিত বিএমএলএস মেরিটাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে বিএমএলএস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বাংলাদেশ বিএমএলএসের সভাপতি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের উপস্থিত ছিলেন।

পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিঙ্কু-র নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে পরিবেশগত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি, শ্রমিক নিরাপত্তা এবং টেকসই শিল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে পিএইচপিকে বাংলাদেশের প্রথম দিকের পরিবেশবান্ধব বা ‘গ্রিন শিপইয়ার্ড’ উদ্যোগগুলোর অন্যতম হিসেবে তুলে ধরা হয়েছে।

এ সময় জহিরুল ইসলাম রিংকুর সাথে ছিলেন পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের সদস্য হাসিব উদ্দিন মোল্লা।

শিল্প সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির কার্যক্রমে পরিবেশ সুরক্ষা ও দায়িত্বশীল জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দেওয়ায় দেশীয় শিল্পের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিষ্ঠানটি বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে।

ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কুকে শিল্পাঙ্গনে একজন দূরদর্শী শিল্পোদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পাঙ্গনেও তার ব্যবসায়িক নেতৃত্ব ও শিল্পদৃষ্টিভঙ্গি আলোচিত হচ্ছে।

বিএমএলএসের পক্ষ থেকে বলা হয়েছে এ পুরস্কার পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে মূল্যবান অবদান এবং সামুদ্রিক খাতে দায়িত্বশীল ও টেকসই কার্যক্রমের প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক মানের স্বীকৃতি বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পকে আরও দায়িত্বশীল, নিরাপদ ও পরিবেশবান্ধব পথে এগিয়ে নিতে উৎসাহিত করবে।

জানা গেছে, ২০১৭ সালে পিএইচপি ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গ্রিন ইয়ার্ড হিসেবে স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানটিকে জাহাজ কাটার জন্য গ্রিন সনদ দেয় ইতালির আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি (রিনা)। পিএইচপির ইয়ার্ডটি হলো হংকং কনভেনশন অনুযায়ী বাংলাদেশের প্রথম সুরক্ষামূলক শিপইয়ার্ড।

২০১৫ সাল থেকে পরিবেশসম্মতভাবে জাহাজ কাটার কাজে মনোনিবেশ করে তারা। এজন্য প্রচুর বিনিয়োগ করতে হয়েছে। ২০১৭ সালের ১০ অক্টোবর পরিবেশসম্মত সনদ গ্রিন সনদ পায় প্রতিষ্ঠানটি। এ জন্য খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। গ্রিন ইয়ার্ড করলে জাহাজ কেনায় কিছু ছাড় পাওয়া যায়। তবে এর আনুষঙ্গিক খরচ বেশি। তবে গ্রিন ইয়ার্ডে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ হওয়ায় ঝুঁকি অনেক কমেছে।

পিএইচপি গ্রিন ইয়ার্ড হওয়ার পর প্রথম জাহাজ আনা হয় ২০১৮ মাঝামাঝিতে। ওরি ভিটোরিয়া নামের জাহাজটি কাটা হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। জাহাজটি হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন তালিকাভুক্ত। ১৯৮৯ সালে তৈরি বিশেষায়িত জাহাজ ওরি ভিটোরিয়া ২৭ হাজার মেট্রিক টন ওজনের। জাপানের নিপ্পন কোকান শিপইয়ার্ডে এটি তৈরি করা হয়েছিল। পরিবেশবান্ধব এই শিপইয়ার্ডের বৈশিষ্ট্য হলো, পরিবেশ সুরক্ষা ও জাহাজ কাটায় যুক্ত শ্রমিকদের নিরাপত্তা। বিশ্ব নৌ দিবস উপলক্ষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিএইচপি রিসাইক্লিংকে পরিবেশবান্ধব কারখানা হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top