বান্দরবানের থানচিতে জীপগাড়ি উল্টে ২ জনের মৃত্যু, আহত ৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় জীপগাড়ি উল্টে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরোও অন্তত ৫ জন।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার তিন্দু বাজার স্কুলের ওপরের এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মো. জিয়াবুল (৩৫) ও মো. জসিম ওরফে পালিশ (৩৭)। জিয়াবুল মৃত সামছু মিয়ার ছেলে এবং জসিম মোজাহের হোসেনের ছেলে। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

আহতরা হলেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন ড্রাইভার (৪০), কাদের হোসেন ওরফে খলিফা কাদির (৪১) ও শাহজালাল হোসেন (৩৫)। তাদের মধ্যে প্রথম চারজনের বাড়ি খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এবং শাহজালালের বাড়ি চকরিয়া পৌরসভায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত এবং আহত ব্যক্তিরা কক্সবাজারের চকরিয়ার খুটাখালী থেকে তিন্দুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। তারা খুটাখালী থেকে আলীকদম হয়ে থানচির তিন্দুতে যাচ্ছিলেন। পাহাড়ি পথ পেরিয়ে তিন্দু বাজার স্কুলের ওপরের এলাকায় পৌঁছানোর পর জীপটি উল্টে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য থানচি, আলীকদম ও চকরিয়া হাসপাতালে নেওয়া হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত ঘটনাস্থলে গিয়ে জানতে পারব। নিহতদের উদ্ধারে একটি টিম পাঠিয়েছি। আমরাও নৌকাযোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

দুর্ঘটনায় জিয়াবুল ও জসিম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে খুটাখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে তিন্দু ভ্রমণে যাওয়া দলটির আনন্দের যাত্রা শেষ হয় স্বজন হারানোর বেদনায়।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top