চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়ায় বেসরকারি তিন হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
লাইসেন্সের কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় জনবল অনুপস্থিতি ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুপস্থিত থাকা, যথাযথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং পর্যাপ্ত নার্স না রাখার অভিযোগে মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং বিধিবহির্ভূত কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল শাহরিয়ার হৃদয় ও স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল।
চাটগাঁ নিউজ/এমকেএন






