উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় হাতেনাতে আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় শামসু নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার থাইংখালী বিটের ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শামসু পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সৃজিত ২২০ হেক্টর বাগানে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে বনবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে শামসুকে গাছ কাটার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, রাতের আঁধারে বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে বনবিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গাছ কাটার সঙ্গে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি বাগান ও বনভূমিতে অবৈধভাবে গাছ কাটার কোনো সুযোগ নেই। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top