পটিয়ায় শ্রীমাই খালের পানিতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি এলাকার একটি ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালের পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি এলাকার ব্রিজের পাশে শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top