মহেশখালী প্রতিনিধি: সৌদি আরবের খামিসের কাহালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দৈনন্দিন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। একই সঙ্গে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
নিহত মোহাম্মদ সোলাইমান কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার জাফর আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২০ সালের ৮ এপ্রিল সৌদি আরবে পাড়ি জমান সোলাইমান। দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন তিনি।
ঘটনার দিন কাজ শেষে নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাসায় ফিরছিলেন সোলাইমান। পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
মাত্র ২৫ বছর বয়সে সোলাইমানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






