রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া রেঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় প্রাণীটি সুস্থ বলে নিশ্চিত হওয়ার পর এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের উপস্থিতিতে বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া রেঞ্জের আওতাধীন আলম শাহ পাড়া ও লালানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে এবং ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রাণীটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হলে এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।
পরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার পরামর্শক্রমে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান এবং ফরেস্টার মেহেদী হাসান রনির উপস্থিতিতে লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসে নিরাপদে অবমুক্ত করা হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






