উখিয়ায় সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর নজরদারির নির্দেশ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া সীমান্তে সার, সিমেন্ট ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য পাচার রোধে সমন্বিত ও কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরান, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহিম শাহিন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জি এম মুকতাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও পান্না আক্তার বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় উখিয়ায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সীমান্ত দিয়ে সারসহ নিত্যপ্রয়োজনীয় ও নির্মাণসামগ্রী পাচার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করা হলে চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, সারসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সীমান্ত দিয়ে কোনো পণ্য পাচার হচ্ছে কি না এবং কোথায় কী ধরনের অনিয়ম হচ্ছে, সেসব বিষয়ে নিয়মিত নজরদারি করতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে আরও উদ্যোগী হতে হবে। সীমাবদ্ধতা থাকলেও জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।

এ সময় তিনি সার সংকট মোকাবিলায় মজুত, সরবরাহ ও বিক্রয় ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকালে বিভাগীয় কমিশনার উখিয়া উপজেলা ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অফিসগুলোর সার্বিক কার্যক্রম ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি সেখানে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, জনগণ যেন সরকারি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সরকারি সেবাগুলো আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে হবে। দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top