রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারঘাটা এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন পণ্যসামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ইসমাইল আজিজের মুদির দোকান, মাহবুব আলমের মুদির দোকান, রতনের স্টেশনারি দোকান এবং আবদুল বাসেকের টিভি-ফ্রিজ মেরামতের দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ইসমাইল আজিজ ও মাহবুব আলমের দোকান দুটি সম্পূর্ণ পুড়ে যায়। অপর দুটি দোকানেরও উল্লেখযোগ্য অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মিয়ারঘাটা এলাকার হারুন স্টোর নামের একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে আশপাশের আরও কয়েকটি দোকান আগুনের কবল থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুহাম্মদ ইসমাইল আজিজ বলেন, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখি, প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন






