চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় চার ফুট লম্বা একটি বিষধর পদ্ম গোখরো সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পাশের একটি চায়ের দোকানের নিরাপত্তা জালে সাপটি আটকে পড়ে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
আমীর হোসাইন শাওন জানান, উদ্ধার করা পদ্ম গোখরোটির দৈর্ঘ্য প্রায় চার ফুট। ধারণা করা হচ্ছে, সাপটির বয়স প্রায় সাড়ে ৩ থেকে ৪ বছর। এ বয়সে পদ্ম গোখরো ডিম দেওয়ার উপযোগী হয়। সম্ভবত ডিম পাড়ার জন্য নিরাপদ জায়গা খুঁজতে গিয়ে সাপটি জালে আটকা পড়ে।
উদ্ধারের পর সাপটিকে নিরাপদে একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
শাওন আরও জানান, পদ্ম গোখরোর ফণার পেছনে সাধারণত গোলাকার ‘ও’ আকৃতির একটি মনোকল চিহ্ন থাকে। দূর থেকে দেখতে এটি অনেকটা বড় চোখের মতো মনে হয়। তবে সম্প্রতি উদ্ধার করা কয়েকটি পদ্ম গোখরোর ক্ষেত্রে ওই চিহ্নটি অসম্পূর্ণ বা অর্ধচন্দ্রাকৃতির দেখা গেছে। তার ধারণা, জিনগত তারতম্যের কারণেই চিহ্নের এমন ভিন্নতা দেখা দিতে পারে।
চাটগাঁ নিউজ/এমকেএন






