ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিমা আক্তার উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাসেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে তিনি বিষপান করেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






