বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আটক দুজন হলো—ইসলামপুর আতিক্কাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং নুরুল আমিন বৈদ্যের ছেলে নাজিমুল ইসলাম (১২)।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার পর শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে আনতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। অভিযোগ রয়েছে, তখন আটক দুই কিশোর তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন






