চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদি এলাকার নুরুল আলমের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাঁশখালী পৌরসভার পূর্ব জলদি এলাকায় পারিবারিক কলহের জেরে জমিলা আক্তার ও তার শাশুড়ি হোসেনে আরার মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় পাশের বাড়ির রাশেদ তাদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে জমিলা আক্তার ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় রাশেদকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব জলদি এলাকার মো. আব্দুল্লাহর স্ত্রী।
চাটগাঁ নিউজ/এমকেএন






