চাটগাঁ নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার।
এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে জ্বালানি তেলের বর্তমান মূল্য ও পরিবহন পরিচালনার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই বহাল রাখা হয়েছে।
সরকারের নতুন নির্ধারিত ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের জন্য এই ভাড়ার হার কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে সমন্বয় করতে হবে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিটি সার্ভিসে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে তিন শ্রেণির ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
নতুন ভাড়া নির্ধারণের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






