বাকলিয়ায় ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশের দাবি গুজব

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বহদ্দারহাট-নতুন ব্রিজ সড়কের কালামিয়া বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটিকে গুজব বলে দাবি করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালামিয়া বাজার এলাকার লিজা কমিউনিটি ক্লাবের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়।

ভিডিওতে দেখা যায়, সড়কের একটি অংশে বিস্ফোরণের শব্দ ও আগুনের ঝলকানি দেখা যাচ্ছে। ওই সময় সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

তবে পুলিশ বলছে, বাকলিয়া থানার আওতাধীন কোথাও ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে খোঁজ নিয়ে ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামতও পাওয়া যায়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘বাকলিয়া থানার কোনো এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে স্থানে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেখানেও কোনো আলামত পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। নাশকতা প্রতিরোধ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে থানার একাধিক টিম মাঠে কাজ করছে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top