রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পরিচিত ‘সবজি গ্রাম’ দক্ষিণ ঘাটচেকের দীর্ঘদিনের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের দুর্ভোগ কমতে যাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি নতুন কালভার্ট। এটি চালু হলে এলাকার কয়েক হাজার বাসিন্দা ও কৃষকের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নবনির্মিত কালভার্টের উপরিভাগের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় ভিপি আনছুর উদ্দিন জানান, দক্ষিণ ঘাটচেকের মূল সড়কটি সংস্কারের জন্য হুমাম কাদের চৌধুরী এমপির ডিও লেটার সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজও বাস্তবায়ন হবে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ঘাটচেক গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সড়কের শেষাংশে রয়েছে শত শত একর কৃষিজমি, যেখানে ত্রি-ফসলি আবাদ হয়ে থাকে। ফলে কৃষিপণ্য পরিবহনে স্থানীয় কৃষকদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ ছাড়া কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত দাশপাড়ায় হাজারো মানুষের বসবাস। ওই এলাকায় ঐতিহ্যবাহী ইছামতী মাতৃমন্দির থাকায় দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত ভক্ত ও দর্শনার্থীরা আসেন।
স্থানীয়দের অভিযোগ, ছোট ও জরাজীর্ণ পুরোনো কালভার্টটির কারণে একদিকে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। নতুন কালভার্ট নির্মাণের ফলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন তারা।
স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিএডিসির অর্থায়নে কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





