বিনোদন ডেস্ক: ছোটপর্দার পরিচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবেদনশীল ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ৪৫ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতাকে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে। ভিডিওটি ঘিরে আলোচনা তৈরি হওয়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেতা।
পাভেলের ভাষ্য, ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি তার বান্ধবী। তাদের সম্পর্কের বিষয়ে অন্য কোনো ধরনের ব্যাখ্যা বা সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
সাইদুর রহমান পাভেলের বিনোদন অঙ্গনে পরিচিতি আসে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দুই বাংলার দর্শকদের নজরে আসেন তিনি।
পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।
নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ ও ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। চরিত্রটির সংলাপ, অভিনয় ও উপস্থাপনা দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে পাভেলের।
চাটগাঁ নিউজ/এমকেএন





