চাটগাঁ নিউজ ডেস্ক চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী সিরাজুম মনিরার মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর ডেঙ্গু শনাক্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিল মনিরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এনএস১ পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
পরে শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওইদিনই তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনিরা।
মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিন বলেন, মঙ্গলবার মনিরাকে হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থা দেখে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি বলেন, শিশুটিকে হাসপাতালে আনার ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে গিয়েছিল।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী সেখানে ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ওষুধও মজুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তাদের চমেকসহ সংশ্লিষ্ট হাসপাতালে রেফার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সরকারি ওষুধপত্র মজুত রয়েছে। চমেক হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন বলেও জানান।
এর আগে মঙ্গলবার সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





