চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নং গেইট এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। তবে পুলিশের দাবি, মিছিলটি বৃহস্পতিবার ভোরের।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা ছাত্রলীগের’ ব্যানারে চবির ১ নম্বর গেট এলাকায় মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় তাদের বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এতে দাবি করা হয়, উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নির্দেশে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ হাকিব নয়ন এই মিছিলের নেতৃত্ব দেন।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মিছিলটা গতকাল (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হয়েছে। আমরা ইতোমধ্যেই সুমন নামে একজনকে আটক করেছি।
চাটগাঁ নিউজ/জেএইচ





