চাটগাঁ নিউজ ডেস্ক: লন্ডনের হাইকোর্টে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করেছে বাংলাদেশের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) সাইফুজ্জামানের ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পত্তি জব্দের পর এসবিএসি ব্যাংক খেলাপি ঋণ আদায়ের উদ্দেশ্যে আদালতে এ আবেদন করে।
ব্লুমবার্গের এক খবরে বলা হয়, গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে ঢাকাভিত্তিক এসবিএসি ব্যাংক। এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। পাশাপাশি সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশেও অর্থ পাচার ও দুর্নীতির তদন্ত চলমান।
এসবিএসি ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট এসবিএসি ব্যাংকে ৬৬ কোটি টাকার ঋণখেলাপি। এই ঋণের বিপরীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত গ্যারান্টি রয়েছে। যে কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনার যৌথ উদ্যোগের অংশ হিসেবে সাউথ বাংলা ব্যাংক জাবেদকে দেউলিয়া ঘোষণার আবেদন জানিয়েছে। ব্যাংকটির পক্ষে আন্তর্জাতিক একটি ল ফার্ম এ আবেদন জানিয়েছে।
ব্লুমবার্গের খবরে বলা হয়, যুক্তরাজ্যের আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান ‘এমএফএস’ সাইফুজ্জামান চৌধুরীর ১৭৫টির বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পত্তির মূল তদারককারী হোল্ডিং কোম্পানি ‘জেডটিএস প্রপার্টিজ’ বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিংস) মধ্যে রয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। টানা ১৫ বছর দেশ শাসনের পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগে তদন্ত চলছে। দুদক সম্প্রতি জানিয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড-সংক্রান্ত তথ্য তাদের পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
দুদকের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানো হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ





