চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর বেধড়ক মারপিটে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুনা আক্তার ওই গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে চরবরমা গুচ্ছগ্রামে নিজ বসতঘরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জাকির হোসেন ও স্ত্রী রুনা আক্তারের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন তার স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। এতে ঘটনাস্থলেই রুনা আক্তারের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাৎক্ষণিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘাতক স্বামী জাকির হোসেনকে আটকসহ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এসএ





