ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল আলম খানের দিকনির্দেশনায় উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুমন দে সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় থেকে মাইজভাণ্ডারগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মোহাম্মদ মানিক (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, এসআই শাহাদাত হোসেন রিশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন আশ্রয়ণ প্রকল্পের আশিঘর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আজাদের দোকানের সামনে ইটসলিং রাস্তা থেকে মো. দুলাল (৪২) ও মো. সাইফুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
পুলিশ জানায়, পৃথক ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





