চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃতদের একজন ৪ বছর বয়সী রুজাইনা মজিদ। তিনি ঢাকার তেজগাঁও থানাধীন মণিপুরী পাড়ার বাসিন্দা ছিলেন।
গত ৬ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উইথ ডিআইসি’ উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মারা যাওয়া রাশেদা বেগমের বয়স ২৯ বছর। তিনি সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। গত ৫ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ১০ সেপ্টেম্বর সকালে কার্ডিওরেসপিরেটরি ফেইলিওর ও এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এর আগে বুধবারও (৯ সেপ্টেম্বর) একজনের মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ১১ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭ জন ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ১৪ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন





