চাটগাঁ নিউজ ডেস্ক: পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পার্কভিউ হাসপাতাল লিমিটেডের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হাসপাতাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট সেবা বিভাগের প্রধান মো. ইসমাঈল, প্রশাসনিক ব্যবস্থাপক মো. নুরুউদ্দিন তালুকদার, নির্বাহী কর্মকর্তা রাজিব দাশসহ অন্যান্য কর্মকর্তারা।
পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, বিপণন ও ব্র্যান্ড বিভাগের ব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক নিজাম উদ্দীন, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান শরীফ এবং করপোরেট কর্মকর্তা হেলাল পারভেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হাসপাতাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এর ফলে বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা বিশেষ সুবিধায় সহজে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের আধুনিক, বিশেষায়িত ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।






