রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় পাঁচ একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছামতী রেঞ্জের ঠান্ডাছড়ি মৌজা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে হাছান নামের এক ব্যক্তি পাহাড়ি এলাকায় অবৈধভাবে একটি ঘর নির্মাণ করেন। এরপর ওই ঘরকে কেন্দ্র করে আশপাশের সেগুনবাগানসহ মূল্যবান গাছসমৃদ্ধ প্রায় পাঁচ একর বনভূমি দখলের পাঁয়তারা চালানো হয়। প্রাথমিকভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করে পরে তা চড়া মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল বলে জানা গেছে। তবে বন বিভাগের নিয়মিত নজরদারির কারণে দখলদারদের সেই পরিকল্পনা সফল হয়নি।
সংবাদ পেয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের নির্দেশনায় এবং ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে বুধবার বিকেলে বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে প্রায় পাঁচ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযানের টের পেয়ে দখলদারেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর আগে গত ১ সেপ্টেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে আরও এক একর বনভূমি দখলমুক্ত করেছিল বন বিভাগ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





