চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর নিম্ন আয়ের জনগোষ্ঠী ও পানি সংকটাপন্ন এলাকায় নিরাপদ ও সাশ্রয়ী খাবার পানি সরবরাহে পানির এটিএম বুথ স্থাপনে ওয়াটারএইড বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় পাইলট প্রকল্প হিসেবে নগরীতে আনুমানিক ১০০টি পানির এটিএম বুথ স্থাপন করা হবে।
ওয়াটারএইড বাংলাদেশ এসব বুথের মূলধনী যন্ত্রপাতিতে অর্থায়ন করবে। পাশাপাশি পানির গুণগত মান পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী পানি শোধনের ব্যবস্থা করবে।

চুক্তি অনুযায়ী, কোনো বুথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৪৮ ঘণ্টার মধ্যে তা সমাধানের নিশ্চয়তা দেবে ওয়াটারএইড। কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে বিকল্প সাময়িক পানি সরবরাহের ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পানির এটিএম বুথ শুধু পানি সরবরাহের একটি ব্যবস্থা নয়, মানুষের প্রয়োজনের জায়গায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।
তিনি জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে পরবর্তীতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য গভীর নলকূপ এবং লবণাক্ততাপ্রবণ এলাকায় রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তিতে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
চাটগাঁ নিউজ/এসএ






