বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে ফরিদা আকতার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা আকতার উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবুব উল্লাহ চৌধুরী বাড়ির আলী আকবরের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, আলী আকবর পেশায় সিএনজি অটোরিকশাচালক। তবে বেশ কিছুদিন ধরে শাকপুরা বড়ুয়ারটেক এলাকায় একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে দারোয়ানের দায়িত্ব পালন করছেন।
নিহতের স্বামী আলী আকবর জানান, পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






