বান্দরবান প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত ৬ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার পিআইও হিসেবে দায়িত্ব পালনের আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক।
ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গত ২৩ জুলাই তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবন্দি রয়েছেন।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থল কিংবা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ আসে। সে অনুযায়ী তার প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ওই পদে নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে মিল্টন দস্তিদারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





